মেহেরপুর পৌরসভাসহ ৪টি ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

আপলোড তারিখঃ 2022-05-27 ইং
মেহেরপুর পৌরসভাসহ ৪টি ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আগামী ১৫ই জুন মেহেরপুর পৌরসভাসহ ৮ম ধাপের সদর উপজেলার শ্যামপুর, আমঝুপি, বারাদী ও পিরোজপুর ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার (চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা) তারেক আহাম্মেদ। এই সময় মেহেরপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহফুজুর রহমান রিটন, মোতাছিম বিল্লাহ মতু, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই সময়ে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর, আমঝুপি, বাড়াদী ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্ণিং অফিসার তারেক আহাম্মেদ বলেন, ‘‘প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালাতে হবে। নির্বাচনের মাঠে ৫ জন সহকারী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আইনশৃঙ্খলা বাহিনী টিম নির্বাচনি এলাকাগুলোতে দায়ীত্ব পালন করবেন।’’ এছাড়া মেহেরপুর পৌরসভায় নির্বাচনি কেন্দ্রে এবং বুথগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে। এদিকে প্রতীক বরাদ্দ দেওয়ার পর বিকেল ৩ টা থেকে প্রচার প্রচারণা চালাতে শুরু করেছেন প্রার্থীরা। মেহেরপুর পৌরসভা ও ৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে পৌর মেয়র, চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা তাদের সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভাসহ জনসংযোগ অব্যাহত রেখেছেন। এছাড়াও শহর ও গ্রামগুলোতে মাইকিং, পোষ্টার লাগানো ও নির্বাচনি অফিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সকলে। চায়ের দোকানগুলোতে চলছে জমিয়ে আড্ডা। বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তার মোড়ে মোড়ে সাজিয়ে রাখা হয়েছে চেয়ার-টেবিল। সমর্থকরাও বসে রয়েছেন তাদের নেতা আসার প্রতিক্ষায়। কোথাও কোথাও ২৫-৪০ টি মোটরসাইকেল দাড় করে রাখা হয়েছে। নেতা আসলে শোভাযাত্রা শুরু করবে বলে। বিকেল গড়িয়ে সন্ধা আসার পরপর কিছু এলাকায় রংবেরঙের লাইটিংও চোখে মেলে। প্রায় প্রার্থীরা অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রতীক কি পেলেন এবং আগামী ১৫ জুন নির্বাচনে বরাদ্দকৃত স্ব-স্ব মার্কায় ভোট প্রদানের জন্যও সমর্থকদের প্রতি আহ্বান ও দোয়া চাওয়া অব্যাহত রেখেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)