সাংসদ ছেলুন জোয়ার্দ্দার গুরুতর অসুস্থ

আপলোড তারিখঃ 2022-05-25 ইং
সাংসদ ছেলুন জোয়ার্দ্দার গুরুতর অসুস্থ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার শেষ বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাঁকে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করেন। বর্তমানে তিনি ডা. মীর ফুয়াদ হুসাইন শুভর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। স্কয়ার হাসপাতাল সূত্র জানায়, সাংসদ ছেলুনের হঠাৎ করে মাত্রারিক্ত রক্তচাপ বেড়েছে। একইসঙ্গে অন্যান্য জটিলতা তৈরি হয়েছে। তবে তিনি সচেতন আছেন এবং স্বাভাবিক কথাবার্তা বলতে পারছেন। চিকিৎসকের মতে, তাঁর উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে এলে অন্যান্য জটিলতা নিয়ন্ত্রণ সম্ভব। তবে সর্বশেষ রাত ১টা ২৭ মিনিটে হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর রক্তচাপ অনেকটায় নিয়ন্ত্রণে এসেছে। এদিকে, বর্ষিয়ান এই রাজনীতিকের অসুস্থতার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঢাকায় রওনা হন তাঁরই ছোট ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি জানান, হঠাৎ করে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভালোই ছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু আকস্মিক আজ (গতকাল মঙ্গলবার) বিকেলের দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি সাংসদের পরিবারের পক্ষ থেকে ছেলুন জোয়ার্দ্দার এমপির আশু সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল চুয়াডাঙ্গাসহ দেশবাসীর কাছে বর্ষিয়ান এই নেতার দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন। আমরা দৈনিক সময়ের সমীকরণ পরিবার বর্ষিয়ান রাজনীতিক ছেলুন জোয়ার্দ্দার এমপির দ্রুত সুস্থতা কামনা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)