চুয়াডাঙ্গা জেলায় আজ থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ

আপলোড তারিখঃ 2022-05-17 ইং
চুয়াডাঙ্গা জেলায় আজ থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ ছবির ক্যাপশন:
জেলা প্রশাসন, আম বাগান মালিক ও ব্যবসায়ীদের ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত   সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলায় আজ ১৭ মে (৩ জ্যৈষ্ঠ) থেকে আম সংগ্রহ শুরু হচ্ছে। গতকাল সোমবার বেলা পৌনে একটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আম সংগ্রহ কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা, আম বাগান মালিক এবং আম ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক সভায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম মুন্সী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, এনডিসি জাকির হোসেন ও জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৭ মে (৩ জ্যৈষ্ঠ) থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের, ২২ মে (৮ জ্যৈষ্ঠ) থেকে হিমসাগর, ২৭ মে (১৪ জ্যৈষ্ঠ) থেকে ল্যাংড়া, ১০ জুন (২৭ জ্যৈষ্ঠ) আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন (১ আষাঢ়) থেকে আম্রপালি বারি-৩ জাতের, ২১ জুন (৭ আষাঢ়) থেকে ফজলি জাতের ও ১ জুলাই (১৭ আষাঢ়) থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা যৌথভাবে জানান, কোনো অবস্থাতে বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক আম পাড়া যাবে না। এছাড়া আম পাকানো ও সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। তাছাড়া অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুয়ায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, জেলাব্যাপী আম সংগ্রহের যে সূচিটি দেওয়া হয়েছে, তার বাইরে কেউ অপরিপক্ক আম পাড়তে পারবে না। কেউ যদি এর ব্যত্যয় ঘটায়, তবে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)