ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মধুপুর চৌরাস্তা থেকে মাদকসহ আটক আকিদুল ইসলাম ওরফে দরবেশ নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে এক দল ব্যক্তি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার দুই এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আসামি উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। আহতরা হলেন- এসআই আনোয়ার হোসেন, এসআই আজিজুর রহমান, কনস্টেবল আশরাফুল ইসলাম, সমেল ও এলেম।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ থানা পুলিশের একটি দল ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের কালীচরণপুর ইউনিয়নের মধুপুর চৌরাস্তায় অভিযান চালায়। এসময় পুলিশ এক চায়ের দোকান থেকে ৩ শ গ্রাম গাঁজাসহ দোকানদার উত্তর কাস্টসাগরা গ্রামের আবুল হোসেনের ছেলে আকিদুল ওরফে দরবেশকে আটক করে। আটকের খবর পেয়ে এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান মিজুর নেতৃত্বে বাজারের কতিপয় ব্যবসায়ী হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামি আকিদুলকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ৫ পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও জানান, এই ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আসামি উদ্ধারসহ পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের জোর অভিযান চলছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, কালীচরণপুর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান মিনুর নেতৃত্বে স্থানীয়রা সঙ্গবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা দুই এসআইসহ পাঁচ পুলিশকে জখম করে।
