ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার মেহেরপুরের রাধাকান্তপুর-শালিকা সড়ক ও শোলমারীতে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলো- মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে আছিম (১৬) ও একই উপজেলার শোলমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে পলাশ হাসান (১৬)।
জানা যায়, গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আছিম। একপর্যায়ে শালিকা গ্রাম থেকে রাধাকান্তপুর-দারিয়াপুর সড়কে দ্রæত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহয়তায় পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে শালিকায় নিজ বাড়িতে নিয়ে যায়।
এদিকে, গত শনিবার রাত নয়টার দিকে পলাশ ও তার বন্ধু সাধন মোটরসাইকেল চালিয়ে ঘুরছিল। পথের মধ্যে শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুই বন্ধুই গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখানে পলাশকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তার মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
