ছবির ক্যাপশন:
নাহিদ হাসান, আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জেহালা ইউপিতে ১০ নম্বর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেহালা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমানের উপস্থাপনায় ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘বিট পুলিশং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা এখন মানুষের দুয়ারে পৌঁছে গেছে। মানুষ এখন শান্তিতে তাদের জানমাল নিরাপদ রেখে ঘুমাতে পারে। বর্তমানে চুয়াডাঙ্গা জেলার মাদক নির্মূলে কঠোর অবস্থানে কাজ করছে পুলিশ।’
এসময় তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আরো বলেন, ‘আপনারা কোনো বেআইনি কাজের তথ্য গোপন করবেন না, তথ্য দিয়ে পুলিশকে অপরাধ নির্মূলে সহায়তা করবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, ‘মাদক এক ভয়াবাহ নেশা। মাদকাসক্ত ব্যক্তির দ্বারা কখনো সমাজের উন্নতি হতে পারে না। চুয়াডাঙ্গা পুলিশ এখন মাদক নির্মূলে কঠোর অবস্থানে আছে এবং থাকবে। এ জেলার যেখানেই মাদকের গন্ধ পাওয়া যাবে, সেখান থেকেই মাদকের শেকড় সহ উপড়ে ফেলা যাবে হবে।’
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার (অপারেশন) পুলিশ পরিদর্শক ইকরামুল হোসেন, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেচুর রহমান শিলন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সহসভাপতি ইসলাম উদ্দিন, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস রহমান প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়নের সকল ইউপি সদস্য ও ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
