ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী:
জমি-জায়গা সংক্রান্ত জেরে মেহেরপুরের গাংনীতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী, সন্তানসহ মোট ৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার ভোমরদহ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- মৃত ইলাউদ্দিন মালিথা ছেলে আব্দুল মাবুদ (৫০), আব্দুল মাবুদের স্ত্রী সুমি খাতুন (৪০), আব্দুল মাবুদের সন্তান সাফি (১৫) ও মৃত ইলাউদ্দিন মালিথা আরেক ছেলে আণ্টু (৬০)।
প্রত্যাক্ষদর্শীরা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। হঠাৎ দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে হানাহানি শুরু হয়। একপর্যায়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত মাবুদ জানান, ‘বাড়ির জমি নিয়ে বড় ভাই আণ্টুর সাথে দীর্ঘদিন ধরে আমার ঝামেলা চলছে। আজ সকালে ভাই আণ্টুর নেতৃত্বে ভাইয়ের ছেলে ও মেয়েরা হাসুয়া দিয়ে আমার স্ত্রী-সন্তান ও আমাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’
এ বিষয়ে আণ্টু জানান, ‘কথা কাটাকাটির একপর্যায়ে মাবুদসহ তার স্ত্রী-সন্তান আমাদের ওপর হামলা চালাতে আসে। আমরা নিজেদেরকে তাদের হাত থেকে বাঁচাতে তাদের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ি। এতে তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে আহত করে।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মাবুদ ও তাঁর স্ত্রী-সন্তানের অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মাবুদ ও তার স্ত্রী সন্তানের মাথাসহ বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাদের রেফার্ড করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মারামারির ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
