ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সন্তান না হওয়ায় বিষপানে রোকসানা খাতুন (২৫) নামের এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রোকসানা খাতুন আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামের মিলন হোসেনের স্ত্রী।
জানা যায়, কিছুদিন পূর্বে রোকসানা খাতুন নিজের পিতার বাড়িতে বেড়াতে যায়। গত সোমবার সেখান থেকে শ্বশুর বাড়িতে ফিরে আসেন। নিহত রোকসানার শ্বশুর বাড়ির সদস্যদের অভিযোগ, বিবাহের পর এক বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় রোকসানা মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। এরই মধ্যে গতকাল সকালে স্বামী মিলন হোসনকে মাঠে কাজের জন্য পাঠিয়ে দেন রোকসানা। সকাল সাড়ে ১০টার দিকেও স্বাভাবিকভাবে শ্বশুরের সঙ্গে কথাও বলেন তিনি। এরই কিছুক্ষণ পর রোকসানা নিজের ঘরে যেয়ে কৃষিখেতে ব্যবহৃত তরল বিষপান করেন। বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা রোকসানাকে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া না পেলে তারা দরজা ধাক্কা দেয়। দরজা ভেতর থেকে বন্ধা থাকায় এসময় তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে রোকসানকে খাটের ওপর পড়ে থাকতে দেখে। রোকসানার মুখ থেকে বিষের গন্ধ পাওয়ায় তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় রোকসানাকে জরুরি বিভাগে নেয়। তিনি তরল বিষপান করেছিলেন বলে জানতে পারি। এসময় জরুরি বিভাগ থেকে তাঁর পাকস্থলি ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলোহের জেরে নিজ শ্বশুর বাড়িতে বিষপান করেন তিনি। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
