ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম:
দুই বছর ধরে চেয়ারম্যান ছাড়া প্রশাসক দিয়ে চলছিল তিতুদহ ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম। সপ্তাহে একদিন বুধবার এসে হাজির হতেন অস্থায়ী কর্তব্যরত প্রশাসক। প্রতিদিন ইউনিয়ন পরিষদের অন্তর্গত সাধারণ মানুষের কাজ করে যেখানে হাঁপিয়ে উঠতেন আগের চেয়ারম্যানগণ, সেখানে সপ্তাহে একদিন উপস্থিতি জনগণের সেবা ব্যহত হচ্ছিল। এতে করে এলাকার বৃদ্ধ, যুবক, ছাত্র, শিশুসহ নানা ধরনের মানুষগুলো পড়ে থাকতো অধিকতর ভোগান্তিতে। এরই প্রেক্ষিতে ৬ষ্ঠ ধাপে গত ৭ই ফেব্রুয়ারি তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী। তবে স্বস্তির খবর হলো আজ সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর ফলে ইউনিয়নবাসী পাবে নতুন অভিভাবক ও নেতৃত্ব।
জানা গেছে, নানা আইনি জটিলতার কারণে বিগত ৫ জুন ২০১১ সালের নির্বাচন হওয়ার পর পরবর্তীতে কোনো নির্বাচন না হওয়ায় প্রায় ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন। কিন্তু নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করলে ২৩ শে সেপ্টেম্বর ২০২০ইং তারিখে তিনি তিতুদহ ইউনিয়ন পরিষদের দায়িক্ত থেকে অবসরে যান। তারপর থেকে শুরু হয় এলাকার মানুষের মধ্যে কঠিন ভোগান্তি।
ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান বলেন, চেয়ারম্যান ছাড়া ইউনিয়ন পরিষদ চলমান রাখা যে কত কঠিন কাজ, সেটা বুঝতে পেরেছি। সাধারণ মানুষের ভোগান্তির অন্ত ছিল না। তবে এখন আগামী দিনগুলো আর সমস্যার কবলে পড়তে হবে না।
এ বিষয়ে অত্র পরিষদের প্রশাসক আব্দুল হান্নান বলেন, ‘চেয়ারম্যান ছাড়া ইউনিয়ন পরিষদ পরিচালনা করা অসম্ভব। কারণ তার প্রমাণ আমি পেয়েছি। তবে এলাকার সাধারণ মানুষের যতটুকু সম্ভব আমি সহযোগিতা করার চেষ্টা করেছি।’
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শকুর আলী বলেন, আজ সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য শপথবাক্য পাঠ করাবেন।
