ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ঋণগ্রস্ত হয়ে ইনছান আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হিজলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে ইনছান আলীর বিষপানের বিষয়ে জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইনছান আলী দর্শনা থানাধীন হিজলগাড়ী গ্রামের ফার্মপাড়ার শমসের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী ইনসান আলী কয়েক বছর পূর্বে গ্রামের পরিচিতদের নিকট থেকে গরু নিয়ে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যায়। ঢাকায় গরু বিক্রি করে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও সে যাত্রায় মোটা অংকের টাকা লোকশান হয় তার। এই ঋণের বোঝা মাথায় নিয়ে গতকাল বিকেলে বাড়ির পেছনের আমবাগানে বিষপান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তার বিষপানের বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে হিজলগাড়ি বাজারের বাশার নামের একজন গ্রাম্য চিকিৎসকের নিকটে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান রুমি বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পারি তিনি বিষপান করেছেন। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এখানে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির বলেন, ‘দর্শনা থানাধীন হিজলগাড়ি গ্রামে ঋণগ্রস্ত হয়ে ইনছান আলী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পারি। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের ভিত্তিতে রাতে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তাস্তর করা হয়।’
