দেশে করোনায় ৪ জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার

আপলোড তারিখঃ 2022-03-01 ইং
দেশে করোনায় ৪ জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে ৮৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার নেমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশে। এদিকে, গতকাল সোমবার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু নাহলেও এসময় নতুন একজন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৭ জনে।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরো একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত একজনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৫৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৭৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এরমধ্যে ১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ৭৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন ৩৩ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৪০০ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ২২০ জনের। এরমধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯০ জন ও বাকিদের মৃত্যু হয়েছে জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায়। এদিকে, গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন ১০ লাখ ৭৭ হাজার ২১০ জন, দ্বিতীয় ডোজ ৮ লাখ ২৯ হাজার ৫৬০ জন এবং তৃতীয় (বুস্টার) ডোজ গ্রহণ করেছেন ২৭ হাজার ৪৪১ জন।


সারা দেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে। এসময়ে নতুন করে ৮৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার নেমে দাড়িয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন গত রোববার করোনাভাইরাসে আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৮৬৪ জনের।
গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সারা দেশে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন। ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ১ এবং খুলনায় ১ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)