ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এক নারীর মোবাইল ফোন থেকে ১২ হাজার ৪২০ টাকা বিকাশ থেকে হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকাগুলো খোঁয়ান ওই নারী। এবিষয়ে ভুক্তভোগী নারী গতকাল রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার ওই নারীর অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় কয়েকটি অপরিচিত নাম্বার থেকে তার মোবাইল ফোনে কল আসে। ফোনটা রিসিভ করেন ওই নারীর বড় মেয়ে। প্রতারক চক্রটি এসময় মেয়েটির লেখাপড়ার অবস্থা সম্পর্কে জেনে নিয়ে তাকে উপবৃত্তির প্রলোভন দেখায়। এবং কৌশলে একটি এসএমএস পাঠিয়ে তার পিন নাম্বার জেনে নেয়। প্রতারক চক্রটি পিন নাম্বার হাতে পেয়ে ওই নারীর মোবাইল ফোনটি হ্যাক করে সাথে সাথেই ১২ হাজার ৪২০ টাকা তাদের ফোনে সেন্ড মানি করে নিয়ে নেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই ওই নারী সদর থানায় জিডি করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতঃমধ্যে পুলিশের একটি টিম প্রতারক চক্র শনাক্তে কাজ শুরু করছে।’
