ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরে ভৈরব নদে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রির অপরাধে এক ইটভাটার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। সেই সাথে বাল ড্রেজার মেশিনসহ বালি উত্তোলনের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ও বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির নেতৃত্বে দুদফা অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের মৃত আলাউদ্দীন দেওয়ানের ছেলে ইটভাটার মালিক আমিনুর রহমানকে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের অপরাধে ৮৯ এর ১ নম্বর ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভৈরব নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের বেশ কয়েকটি পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দেন। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা সাইরাত সহকারী সাহিরুল ইসলাম, মিউটেশন শাখার তারিকুজ্জামান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রক্ষরিক গোলাম রিজভী ও জীবননগর থানার এসআই মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, গত বুধবার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় ‘ভৈরব নদ খননে ধীরগতি, বালু বিক্রির মহোৎসব’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর জীবননগর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
