ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের উথলী ডিগ্রি কলেজে রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এই চুরির ঘটনা ঘটে। অধ্যক্ষের কার্যালয় থেকে ফাইল কেবিনেটে থাকা নগদ ৯০ হাজার ৭০০ টাকা চুরি হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। কলেজে নাইটগার্ড থাকা সত্ত্বেও চুরির ঘটনা নানা রহস্যের জন্ম দিয়েছে। এদিকে, কলেজে চুরির ঘটনার খবর শুনে গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জীবননগর থানা পুলিশের একটি টিম।
উথলী ডিগ্রি কলেজে গিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে চোরচক্র উথলী ডিগ্রি কলেজের চারতলা ভবনের নিচতলার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবনের একাধিক রুমে থাকা আলমারি খুলে গুরুত্বপূর্ণ কাগজপত্র নাড়াচাড়া করে। এছাড়া তারা অধ্যক্ষের রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফাইল কেবিনেটে থাকা নগদ ৯০ হাজার টাকা এবং অপর রুম থেকে ৭০০ শত টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। তবে তারা প্রতিষ্ঠানে থাকা ল্যাপটপ, মোবাইলসহ অন্য কোনো মালামাল চুরি করেনি। যে ভবনের তালা ভেঙে চোরচক্র প্রবেশ করেছে সেই ভবনের নিচতলায় নাইটগার্ড থাকলেও এ ব্যাপারে সে কিছুই জানে না। আদৌ সে ওই রাতে কলেজে ছিলো কিনা? তা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া এতগুলো নগদ টাকা প্রতিষ্ঠানে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে।
উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি রুম থেকে মোট ৯০ হাজার ৭০০ টাকা চুরি হয়েছে। বিষয়টি তিনি জীবননগর থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন।
