ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এর আগে দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া। এ তিনটি ইউনিয়নের আলুকদিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পদ্মবিলার মো. আলম ও মোমিনপুরের আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন ও সাধারণ সদস্য ২৭ জন শপথবাক্য পাঠ করেন।
ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আজ নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ জনগণের সেবায় নিবেদিত হতে হবে। আপনাদের নিজ নিজ এলাকায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করলে আরো উন্নয়ন করা যায়, সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা, চড়াই-উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, ‘আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। আপনারা জনগণের একেবারে কাছে থাকার সুযোগ পান। তাই জনগণের সেবা আপনাদেরকেই দিতে হবে। এই চেয়ারটাকে ক্ষমতা মনে করবেন না। এটা আপনাদের দায়িত্ব ও কর্তব্য পালনের চেয়ার।’
ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, শাহাজাদী মিলি। এসময় বিভিন্ন ইউপির চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা, আলুকদিয়া ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হয়। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী চেয়ারম্যানদের জেলা প্রশাসক ও ইউপি সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার শপথবাক্য পাঠ করান।
