ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
সারা দেশে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে, তবে কমেছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু নাহলেও নতুন করে আরও ২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসময় মেহেরপুরেও নতুন করে ৪৫ জন করোনা আক্রান্ত হন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ২৭ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬২৫ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ২১৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২৭টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৮৬টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৭ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন ১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৩৭ জন। জেলায় এ যাবৎ মোট ২২০ জন করোনায় মারা গেছেন। যার মধ্যে জেলায় মৃত্যু হয়েছে ১৯০ জনের ও জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ২০ জন। এদিকে, গতকাল পর্যন্ত চুুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮ লাখ ৮২ হাজার ১১, দ্বিতীয় ডোজ ৬ লাখ ৫২ হাজার ৩৩ এবং তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১৪ হাজার ১০৫ জন।
সারা দেশ:
সারা দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যু। তবে সংক্রমণ কমতে শুরু করেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিক্যাল প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, গত সপ্তাহে (৩১ জানুয়ারি-৬ ফেব্রুয়ারি) দেশে করোনা সংক্রমণ কমেছে ২৩ দশমিক ৯ শতাংশ। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ। গত এক সপ্তাহে দেশে দুই লাখ ৯৩ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৬ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২৪ জানুয়ারি- ৩০ জানুয়ারি) তিন লাখ ১৬ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ১৯৬ জন।
এরও পূর্ববর্তী সপ্তাহে (১৭ জানুয়ারি-২৩ জানুয়ারি) দুই লাখ ৫৫ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়। আর গত ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এক লাখ ৮৯ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১১ জন।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। গত এক সপ্তাহে দেশে করোনায় ২২৬ জনের মৃত্যু হয়েছে, যা এর পূর্বের সপ্তাহে ছিল ১৪০ জন। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭১টি করোনার নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৭১টি। এতে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
