জীবননগরে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

আপলোড তারিখঃ 2022-01-27 ইং
জীবননগরে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আড়াই একর জমির ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করে সওজ। জীবননগর বাসস্ট্যান্ড থেকে দত্তনগর সড়ক, কালীগঞ্জ সড়ক এবং চুয়াডাঙ্গা সড়কের পাশে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়ের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও জীবননগর থানা পুলিশের ২২ জন সদস্য এবং জীবননগর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এর আগে গত ২৩ জানুয়ারি সওজের পক্ষ থেকে জীবননগর পৌর শহরে সড়ক ও জনপথ-এর জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে শহরে মাইকিং করা হয়।

এদিকে, জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরে পুরাতন ডাকবাংলা নামক স্থানটি সওজের পক্ষ থেকে তারের নেট দিয়ে ঘিরে দেওয়ায় বিপাকে পড়েছেন ওই স্থানের ব্যবসায়ীরা। ওই সব ব্যবসায়ীরা স্থানীয় বেশ কিছু নেতাদের কাছে সওজের দখলকৃত জমি মোটা অংকের টাকার বিনিময়ে কিনে দীর্ঘদিন অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন। এরই মধ্যে তারের নেট দিয়ে ঘিরে দেওয়ায় অনেক ব্যবসায়ী হতাশার মধ্যে দিনযাপন করছেন। ইতঃমধ্যেই বেশ কিছু ব্যবসায়ী নিজেদের টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দেওয়া শুরু করেছেন।

এদিকে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় জীবননগর উপজেলার সুধী ব্যক্তিরা সড়ক বিভাগের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন। তবে সবার দাবি, কেউ যেন পুনরায় জায়গাগুলো দখল না করতে পারে।

চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, জীবননগর পৌর শহরে সড়ক ও জনপথের জায়গার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক স্থাপনার তালিকা তৈরি করা হয়। গত ২৩ তারিখে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। বুধবার অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে, আজ বৃহস্পতিবারও এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)