ছবির ক্যাপশন:
খুলনা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন
সমীকরণ প্রতিবেদক:
খুলনা রেঞ্জের ২০২১ সালের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে খুলনা রেঞ্জের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুজ্জামানকে পুরস্কার প্রদান করা হয়। অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)।
সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় গত ডিসেম্বর মাসের খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসাবে চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত মো. আশরাফুজ্জামানকে নির্বাচিত করা হয়। সভায় ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার) আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি রেঞ্জের সকল কর্মকর্তাদেরকে তাদের অধীনস্ত পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন। কোভিড-১৯ এর সংক্রমণ বাড়তে থাকায় সকল পুলিশ সদস্যদের বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহণ ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর তিনি গুরুত্বারোপ করেন। রেঞ্জের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন ও সকল জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন একেএম নাহিদুল ইসলাম বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম), খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ, পিবিআই-এর পুলিশ সুপারবৃন্দ ও সিআইডি-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
