ছবির ক্যাপশন:
কৃতী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মুজিবুল হক বললেন, আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে ঢাকাস্থ গুলশান অল কমিউনিটি ক্লাব লিমিটেড। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়নের ১৭টি গ্রামের ৫ হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা গুলশান অল কমিউনিটি ক্লাব লিমিডেটের সদস্য, আর্থমুভিং সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃতী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মুজিবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। বিশেষ অতিথি ছিলেন গুলশান অল কমিউনিটি ক্লাব লিমিডেটের পরিচালক বোরহান উদ্দিন, আর্থমুভিং সলিউশন লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর একেএম শফিকুর রহমান, ডাইরেক্টর কামরুল হাসান কপোত, লজিস্টিক অফিসার ফিরোজ হোসেন, এজিএম (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইনান্স) হুমায়ুন কবীর, হেড অব ব্র্যান্ডিং তাজবীর আহমেদ অনিক, আরটিভির সিনিয়র রিপোর্টার জুলহাস কবীর সুজন, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি ও জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, রয়েল এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক লোটাস, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান লিপু, সমাজসেবক টিপু মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, ‘অসহায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে অল কমিউনিটি ক্লাব। বিশেষ করে এই ক্লাবের সদস্য ও ক্লাব পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হক এই এলাকার সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন। শুধু শীতবস্ত্র উপহার বিতরণ নয়, এই এলাকার মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।’ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক।
অনুষ্ঠানের সভাপতি অল কমিউনিটি ক্লাব লিমিডেটের সদস্য আর্থমুভিং সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃতী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মুজিবুল হক বলেন, সারা দেশে শীতবস্ত্র উপহার দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে অল কমিউনিটি ক্লাব। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গার সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের হাতে এ উপহার তুলে দেওয়া হলো। তিনি আরও বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আজীবন আপনাদের দুঃখ-সুখে আপনাদেরই পাশে থাকতে চাই। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।
