ছবির ক্যাপশন:
নানার বাড়িতে বেড়ানোর নাম করে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের যাবতীয় আয়োজন বন্ধ করে দিয়েছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে ওই শিক্ষার্থী। গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার সালামত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে ওই শিক্ষার্থীক তার পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ভিকটিম ১৪ বছরের এক কিশোরী। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বেড়ানোর নাম করে তাকে সালামত বাজার এলাকার নানা বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু আসলে এখানে কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছে। কিশোরী মেয়ের বিয়ের আয়োজন দেখে প্রতিবেশীদের একজন ৯৯৯-এ ফোন করেন। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বিয়ে ভেঙে দেয়। পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’
