কারাভোগ শেষে ভারতে ফিরলেন মা-মেয়ে

আপলোড তারিখঃ 2022-01-11 ইং
কারাভোগ শেষে ভারতে ফিরলেন মা-মেয়ে ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

বাংলাদেশে দেড় বছর কারাভোগ শেষে নিজ দেশ ভারতে আপন ঠিকানায় ফেরত গেলেন মা-মেয়ে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে এই দুজন ভারতীয় নারীকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভারত ফেরত দুই নারী হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার বানপুর কুলোপাড়া গ্রামের শাসসুল মন্ডলের স্ত্রী মোছা. গোলে বিবি (৩৫) ও তার মেয়ে ছায়া খাতুন শোভা ( ১৮)। ২০২০ সালে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের জীবনগন থানার গোয়ালপাড়া গ্রামে ডাক্তার দেখাতে এসে বিজিবির কাছে আটক হয় মা-মেয়ে। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল হয় তাদের। তারপর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন তারা।

গোলে বিবি জানান, তাদের গ্রামটি (কুলোপাড়া) ভারতের কাঁটাতারের বাইরে পড়ে যাওয়ায় বাংলাদেশের পাশ^বর্তী গ্রামে চিকিৎসাসহ জরুরী প্রয়োজনে তাদের যেতে হয়। মেয়ে অসুস্থ হলে ডাক্তার দেখাতে বাংলাদেশে বিনা পাসপোর্টে গিয়ে বিজিবি তাদের আটক করে। তবে কারাগারে কোনো অসুবিধা হয়নি। মুক্তি পেয়ে দেশে পরিবারের কাছে ফিরতে পারছি খুব ভালো লাগছে। বের হওয়ার সময় জেলার সাহেব নতুন পোশাক কিনে দিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি।

হস্তান্তর প্রক্রিয়ার সময় দর্শনা চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলীম, দর্শনা থানার এসআই মাহমুদল হাসান, চেকপোস্ট কমান্ডার হাবিলদার লোকমান হাকিম, চুয়াডাঙ্গা কারারক্ষী মো. হেলাল উদ্দিন প্রমুখ। ভারতের পক্ষে ছিলেন বিএসএফ-এর গেঁদে কোম্পানী কমান্ডার এসি নাগেন্দ্রর পাল, কেষ্টগঞ্জ থানার আইসি বাপিন মুখার্জি, কাস্টমস সুপারিনটেনডেন্ট সুব্রত মন্ডল, ইমিগ্রেশনের টুআইসি মি. সন্দীপ প্রমুখ। এছাড়াও ভারতের মানবাধিকার সংগঠনের কর্মী, মিডিয়াকর্মী ও ফেরত যাওয়া নারীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)