ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এর আগে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনারা আজ নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদিত হতে হবে। আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করলে আরো উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা, চড়াই-উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।
শপথগ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গির আলম মালিক, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রমুখ।
পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শপথ গ্রহণকারী নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আসাদুল হক, ভাংবাড়িয়া ইউনিয়নের সোহানুর রহমান, চিৎলা ইউনিয়নের হাসানুজ্জামান সরোয়ার, হারদী ইউনিয়নের আশিকুজ্জামান, জেহালা ইউনিয়নের সিলন আলী, কুমারী ইউনিয়নের আবু সাইদ, জামজামী ইউনিয়নের নজরুল ইসলাম, খাদিমপুর ইউনিয়নের মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, খাসকররা ইউনিয়নের তাফসির আহমেদ, বাড়াদী ইউনিয়নের তবারক হোসেন, বেলগাছী ইউুনয়নের মাহমুদুল হাসান, গাংনী ইউনিয়নের এমদাদুল হক এবং ডাউকী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তরিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিনটি ইউপির ভোটগ্রহণ শেষ হয়।
