উথলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ

আপলোড তারিখঃ 2022-01-10 ইং
উথলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ছয়জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উথলী গ্রামের ফার্মগেটপাড়ায় এই সংর্ঘষ হয়। আহতরা হলেন, ফার্মগেটপাড়ার মৃত আয়ুব আলী মণ্ডলের ছেলে মোঃ রায়হান (৪৫) ও মোঃ খাইরুল (৫৫), রায়হানের দুই ছেলে রিয়ন (১৭) ও সুলতান (১৬) এবং স্ত্রী মুসলিমা খাতুন (৩৫), খাইরুলের ছেলে মোঃ দাউদ (২৫)। 
ঘটনাস্থলে উপস্থিত হলে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় রায়হান ও তার ছেলে চিড়ার মিলের কাজ শেষে বাড়ি ফিরছিলো। এ সময় পূর্বপরিকল্পিতভাবে রায়হানের বড় ভাই আলী আকবার (৬৫), ছেলে আবুল কালাম (৩০), ওমর ফারুক ওরফে কালু (২৪), আব্দুর রাজ্জাকের ছেলে রাজু (১৮), আলী আকবারের ভাই খাইরুল (৫৫) ও খাইরুলের ছেলে দাউদ (২৫) রায়হান এবং তার দুই ছেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় রায়হানের এক ছেলে সেলিমের ওষুধ ফার্মেসির মধ্যে আশ্রয় নিলে তারা ফার্মেসির ভিতরে ঢুকে তাকে মারধর করে এবং ব্যাপক ভাংচুর চালায়। এছাড়া তারা ফার্মেসির ক্যাশবাক্সে থাকা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় সেলিম। সংঘর্ষের ফলে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গিয়ে ভর্তি করেন। তবে রায়হান ও তার ছেলেরা কারও উপর হামলা করেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কারণ তারা খালি হাতে বাড়ি ফিরছিলো। 

স্থানীয়রা জানান, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে তাদের আপন ভাইয়ে ভাইয়ে বিরোধ চলে আসছে। মৃত আয়ুব আলী মণ্ডলের স্ত্রী ভাদিরন নেছা তার ছোট ছেলে রায়হানের নামে কয়েক শতক জমি লিখে দেওয়ায় বড় ভাই আলী আকবার ও তার অন্য ভাই খাইরুল, রাজ্জাক ও তার ছেলেরা মাঝে মধ্যেই রায়হানের সাথে বিরোধে জড়ায়। রায়হান সম্প্রতি পাকা ঘর নির্মাণ কাজ শুরু করলে সেই জমিতে থাকা আলী আকবার তার টিনের তৈরি ঘর সরিয়ে নিতে না চাওয়ায় নতুন করে বিরোধ সৃষ্টি হয়। 

রায়হানের মা ভাদিরন নেছা বলেন, 'আমি বয়স্ক ব্যক্তি এবং মারাত্মক অসুস্থ। আমার ৫ ছেলে ও ৩ মেয়ের মধ্যে বর্তমানে ৪ ছেলে ও ২ মেয়ে জীবিত আছে। আমি ছোট ছেলে রায়হানের সংসারে থাকি এবং সেখানেই খাওয়া দাওয়া করি। এছাড়া সে আমার চিকিৎসার যাবতীয় খরচ বহন করে এবং আমার মেয়েরা বাড়িতে আসলে তারাও ছোটছেলের বাড়িতেই থাকে। আমি সব ছেলেদেরই বার বার বলি তোরা মারামারি করিস না। কিন্তু তারা আমার কথা না শুনে আজকেও মারামারি করেছে।' এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, উথলীতে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশকয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দোষীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)