ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে প্রকাশ্য দিবালোকে সিটি ব্যাংক এজেন্ট খাদেমুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামী আক্তারুজ্জামান সেতুকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আখতারুজ্জামান সেতু মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মধ্যপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, ‘চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা পুলিশের টিম সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল হত্যা মামলার পলাতক আসামি আখতারুজ্জামান সেতুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারপূর্বক আখতারুজ্জামান সেতুকে চট্টগ্রাম থেকে মেহেরপুরে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৬-০৮-২১ তারিখে বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে মেহেরপুরের মুজিবনগর থেকে গাংনীতে আসার পথে, গাড়াডোব-আমঝুপি সড়কে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে ব্যাগ ভর্তি টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় খাদেমুলের চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করলে হাসপাতালে যাওয়ার পথে খাদিমুলের মৃত্যু হয়। পরে গুলি করে হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৩০,তারিখ ২৭-০৮-২১।
