কোনো চিনিকলই বন্ধ করা হয়নি, আধুনিকায়ন শেষে পুনরায় চালু হবে : শিল্পমন্ত্রী

আপলোড তারিখঃ 2021-12-25 ইং
কোনো চিনিকলই বন্ধ করা হয়নি, আধুনিকায়ন শেষে পুনরায় চালু হবে : শিল্পমন্ত্রী ছবির ক্যাপশন:
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে বেলা তিনটায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির চিনিকারখানায় শুধুমাত্র গত মৌসুমেই ৭২ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে চিনিকলের কেইন কেরিয়ার চত্বরে শুধুমাত্র দোয়া মাহফিলের পরপরই ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, দেশের কোনো চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। চিনিকল আধুনিকায়নের জন্য সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুনরায় সকল কারখানা চালু করা হবে। তিনি আরও বলেন, কৃষিপণ্য উৎপাদনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সুবিধা দেয়। এ বিষয়টিও যাচাই-বাছাই করা হবে। কৃষকদের দাবি মানার বিষয়টি দেখা হবে। `` এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি খালেদা জিয়ার প্রসঙ্গ নিয়ে বলেন, দেশে এখন কোনো ইস্যু নেই, তাই বিএনপি একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে। যতটুকু তারা চেষ্টা করছে, তার থেকে শো-অফ করছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে দেশের বাজারেও সে দাম বৃদ্ধি পায়। তবে আমদানী নির্ভর এসব দ্রব্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করা হবে। আশা করি, আগামী ৩ মাসের মধ্যে ৪০০-৫০০ টিসিবি ট্রাক নামানো হবে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। এছাড়াও অন্যর মধ্যে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার আখচাষী নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স থেকে দেশের ১৫টি চিনিকলের কর্মকর্তা ও আখচাষিদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রী, সচিব ও চেয়ারম্যান। উল্লেখ্য, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। চিনি উৎপাদন কারখানা, ডিস্টিলারি, জৈব সার কারখানা এবং ওষুধ কারাখানার সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সের চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছিল। সরকারিভাবে চিনির মূল্যবৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কারখানাটি। তবে চিনির মূল্য বাড়লেও আশানুরূপ হারে আখের মূল্য সেভাবে বাড়েনি বলে অভিযোগ চাষিদের। বর্তমানে মিলে আখের মূল্য প্রতি মণ ১৪০ টাকা। তবে প্রতি মণ ২৫০ টাকা দাবি করেছে চাষিরা। `` কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন জানান, মাড়াই মৌসুম শুরু করতে চিনিকলের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। তবে চিনিকল এলাকায় আখের চাষ কম হয়েছে। এ জন্য এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্ধেকে নেমে এসেছে। মিল চালু হলে চলতি বছর চিনিকল এলাকায় আখ চাষের পরিমাণ বেশি হবে। চলতি মৌসুমে কেরু মিল জোনে দণ্ডায়মান আখ রয়েছে চার হাজার ৬২৭ একর জমিতে। এছাড়া পার্শ্ববর্তী কুষ্টিয়া চিনিকলের চার হাজার মেট্রিক টন আখ কেরু চিনিকলে মাড়াই করা হবে। এ মৌসুমে ৩০ থেকে ৪০ মাড়াই দিবসে প্রতিদিন গড়ে ১১৫০ মোট্রিক টন আখ মাড়াই করবে চিনিকলটি। ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬ ভাগ চিনি আহরণের মাধ্যমে তিন হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে মোটা অংকের লোকসান কমিয়ে এ বছর লাভের মুখ দেখবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি, এমনটিই আশা করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের মধ্যে অব্যাহত লোকসানের কারণে সরকার গতবছর ছয়টি চিনিকল বন্ধ করে দেয়। চালু রাখে নয়টি। চালু চিনিকলগুলো হলো- দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল, ফরিদপুর চিনিকল, রাজশাহী চিনিকল, নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল, ঠাকুরগাঁও চিনিকল, জয়পুরহাট চিনিকল, জামালপুরের জিলবাংলা চিনিকল। বন্ধ ছয়টি চিনিকলগুলো হলো- কুষ্টিয়া চিনিকল, পাবনা চিনিকল, পঞ্চগড় চিনিকল, রংপুর জেলার শ্যামপুর চিনিকল, গাইবান্ধা জেলার রংপুর চিনিকল ও দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)