ছবির ক্যাপশন:
‘সাবধানে চালালে গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পেশাজীবী গাড়ি চালকদের এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের এমওডিসি ডা. আওলিয়ার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর ফখরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গার মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মুক্তা, বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ের সভাপতি এম জেনারেল ইসলাম, ট্রাক-ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম এবং আন্তঃজেলা ট্রাক, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মোটরযান পরিদর্শক মেহেদী হাসান বলেন, নিয়ম মেনে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। আবেগতাড়িত না হয়ে বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গাড়ি চালানোর বিষয়ে গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বলেন, সব দুর্ঘটনার জন্য চালক সবসময় দায়ী থাকেন না। তবে চালক সাবধান হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।
অনুষ্ঠানের সভাপতি সহকারী পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমান বলেন, আমাদের দেশের অনেক চালকই রোড সাইন সম্পর্কে ভালোভাবে জানেন না। রোড সাইন সম্পর্কে অজ্ঞতাও সড়ক দুর্ঘটনার কারণ। এ জন্য সকলকে রোড সাইন ভালোভাবে জানতে হবে।
বিআরটিএ চুয়াডাঙ্গার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালায় আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে পেশাজীবী চালকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এতে ১২৫ জন গাড়ি চালকের প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ চুয়াডাঙ্গার ড্রাইভিং প্রশিক্ষক ও সিল ম্যাকানিক্স জাকির হোসেন।
