ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নিবার্চন। সকাল থেকেই ভোটাররদের উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রতিটি কেন্দ্রে। যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। তবে এসব ভোটাররা উপস্থিত হলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কারও মধ্যে। ন্যূনতম মাস্কও কারও পরতে দেখা যায়নি। এতে জনসমাগমের মধ্যে করোনা সংক্রমণ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভীড়। নিজের ভোট প্রয়োগ করতে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। লাইন ছাড়িয়েছে কেন্দ্রের সীমানা পেরিয়ে। এমন দীর্ঘ ভোটারের লাইনে একজনের মুখেও দেখা যায়নি মাস্ক। দুয়েকজনের হাতে মাস্ক থাকলেও ব্যবহার করছেন না তারা। এছাড়া গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে। স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা নেই কারও। এভাবেই দাঁড়িয়ে নিজে ভোট প্রয়োগ করে ফিরছেন তারা। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইসাহাক আলী জানান, ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা আছে। এরপরও অনেকে নিয়ম মানছে না। দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কুড়ুলগাছি, কার্পাসডাঙ্গা ও দামুড়হুদা সদর এবং জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে দামুড়হুদা উপজেলার ৪ ইউপিতে ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৫০৮ জন ও জীববনগর উপজেলার ১ ইউপিতে ভোটার রয়েছে ২৩ হাজার ৩৩৮ জন।
