ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ও বেগমপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় নেহালপুর ইউনিয়নের দোস্ত ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্বত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশ্বের অনেক দেশের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর এই উন্নয়নের ধারা রোধ করার জন্য বিএনপি-জামায়াত নানাভাবে চক্রান্ত করে আসছে। এরা ধর্মকে ঢাল বানিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অতীতের মতো বর্তমানেও চেষ্টা করছে। দেশ বিরোধীদের সকল চক্রান্ত প্রতিহত করার জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি হাবিবুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সুজাহান আলী জোয়ার্দ্দার, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আবুল হোসেন লাবু, সাধারণ সম্পাদক কাজি শরিয়ত ওরফে প্রবাসী শরিয়ত, নেহালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান আহম্মেদ, আতিয়ার রহমান, বেগমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি।
এদিকে, সম্মেলন শেষে গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেহালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদান দেওয়া হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সুলতান হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক নুরজেল হক।
