প্রতারণা মামলায় আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার চারজনের

আপলোড তারিখঃ 2021-11-02 ইং
প্রতারণা মামলায় আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার চারজনের ছবির ক্যাপশন:
প্রতারণা মামলায় ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকসহ তিনজনকে তিনদিনের রিমান্ড ও একজনকে বয়স বিবেচনায় জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মানিক দাস গতকাল মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। এর আগে চুয়াডাঙ্গা সদর থানায় জেলা সদরের বোয়ালমারির উজ্জল হোসেনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিক মানিক, পরিচালক মাহমুদ সিদ্দিক রতন ও তাদের বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়। একইসাথে সাতদিনের রিমান্ডের আবেদনও করা হয়। ওইদিনই আদালত চারজনকেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এরপর গতকাল মঙ্গলবার দুপুরে শুনানি অনুষ্ঠিত হলে একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদসহ বিজ্ঞ বিচারক তিনজনের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মন্ডল জানান, ‘গ্রাহকের টাকা আত্মসাতসহ প্রতারণা মামলায় ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সহ গ্রেপ্তার চারজনের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। গত ৩০ অক্টোবর এই আবেদন করলে মঙ্গলবার শুনানি শেষে বিজ্ঞ আদালত তিনজনের তিনদিন ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।’ আসামিদের পক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, অ্যাডভোকেট তালিম হোসেন, অ্যাডভোকেট শাহাজান আলী, অ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরীসহ ১০ জন আইনজীবী। বিবাদীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সোহরাব হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ রকি। উল্লেখ্য, আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বড়সড় কার্যালয় খুলে তাদের কার্যক্রম শুরু করে। প্রথম থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন অফারের মাধ্যমে জনসাধারণকে আকৃষ্ট করতে থাকে। এরপরই সারাদেশ থেকে আসতে থাকে কোটি কোটি টাকার অর্ডার। এরই একপর্যায়ে প্রায় কোটি কোটি টাকার অর্ডার ডেলিভারি দিতে বাকী রাখে প্রতিষ্ঠানটি। এমনকি বিগত কয়েক মাস ধরে তারা তাদের প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারসহ সকল কার্যক্রম বন্ধ করে দিলে দিশেহারা হয়ে পড়েন ডেলিভারি না পাওয়া গ্রাহকেরা। একারণেই বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর রাত ১২টার দিকে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টে অভিযান চালায় র‌্যাব। ওইদিনই রাতেই গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় খুলনা ও চুয়াডাঙ্গা থেকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজন আটক হোন। সেসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানিয়েছিলেন, আতিকুর রহমান উজ্জল নামের এক ব্যক্তি ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডর বিরুদ্ধে ১৮,৫২,৪৮০/-(আঠার লক্ষ বায়ান্ন হাজার চারশত আশি) টাকা প্রতারণার অভিযোগ তোলেন। ্এরই প্রেক্ষিতে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় প্রতারণায় মামলায় হস্তান্তর করা হয়। সারাদেশে অসংখ্য ক্রেতার প্রায় ১৮শ-এর মতো এনভয়েস অর্ডার ডেলিভারি দিতে বাকী রেখেছে আদিয়ান মার্ট লিমিটেড বলেও জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)