ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে ৭০ ভাগ সিলেবাস কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এসএসসি-২০২২ সালের পরীক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা কতরে তারা। জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শুভর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেয় দশম শ্রেণির শিক্ষার্থী শাকিব, ইয়াছিন, ইমরান, কান্তা, মিতু, অহনা প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা জানায়, এসএসসি ২০২১ সালে ১৫ মাস ক্লাস হয়েও যেখানে ৩০ ভাগ সিলেবাসের ওপর পরীক্ষা হচ্ছে, সেখানে এসএসসি ২০২২ সালে মাত্র ৪ মাস ক্লাস হয়ে ৭০ ভাগ সিলেবাসের ওপর পরীক্ষা হবে। এই সিলেবাস পরিবর্তন করতে হবে এবং ৩০ ভাগ করতে হবে।
এদিকে, মানববন্ধন ও প্রতিবাদ সভা চলাকালে জীবননগর শহরে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম ও জীবননগর থানার ওসি (অপারেশন) সুখেন্দু বসুসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করেন।
