জমকালো আয়োজনে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুমের উদ্বোধনকালে বাবু দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2021-10-22 ইং
জমকালো আয়োজনে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুমের উদ্বোধনকালে বাবু দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা শহরের থানা মার্কেটে দেশের ২৫তম এ শো-রুমের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শো-রুমটির উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বাবা অমিয় কুমার আগরওয়ালা। এসময় ফিতা কাটার আয়োজনে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ ব্যবসায়ী সমিতির (বিডিচ্যাম) সাবেক সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিকসহ অন্যরা। উদ্বোধনকালে চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি, বর্তমান পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘নিজের জেলা হিসেবে এখানে একটি স্মৃতি সংরক্ষণ করা হলো এই শো-রুমের মাধ্যমে। এই আউটলেটের মুনাফার অংশ আমি ভোগ করব না; বরং তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে চুয়াডাঙ্গাবাসীই এ প্রতিষ্ঠানের মুনাফা ভোগ করবে। এই আউটলেট চুয়াডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করবে।’ চুয়াডাঙ্গার আরেক কৃতী সন্তান সিঙ্গাপুরস্থ বাংলাদেশ ব্যবসায়ী সমিতির (বিডিচ্যাম) সাবেক সভাপতি, সাহিদ ট্রাভেলস্ এন্ড ট্যুরস এবং হোটেল সাহিদ প্যালেসের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক বলেন, ‘নিজের জন্মস্থান হিসেবে চুয়াডাঙ্গায় একটি এ ধরনের আউটলেটের খুব দরকার ছিল। এই ধরনের একটি প্রতিষ্ঠানের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার মানুষ আরও এক ধাপ এগিয়ে যাবে।’ একইসময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘এ প্রতিষ্ঠানের লাভের ভাগ দিয়ে একটি ফাউন্ডেশন চলবে। যাতে করে চুয়াডাঙ্গার মানুষের কল্যাণে কাজে লাগে, সে ব্যবস্থা করা হলে চুয়াডাঙ্গাবাসীই উপকৃত হবে।’ পরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘দেশের অনেক বড় বড় জেলা থাকতে চুয়াডাঙ্গার মতো একটি জেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। যা নিশ্চয় চুয়াডাঙ্গার মানুষকে আরও এগিয়ে নিবে।’ উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিনী সবিতা আগরওয়ালা, ছোটভাই পিণ্টু কুমার আগরওয়ালা, মামা রঞ্জন কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ, শাহরিন হক মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মানিক আকবর, দৈনিক সময়ের সমীকরণ বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, নতুন শো-রুমটির উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে গহনা প্রস্তুতকারী কোম্পানিটি ৩১ অক্টোবর পর্যন্ত দিচ্ছে ডায়মন্ড জুয়েলারির ওপর ২৫% ডিসকাউন্ট, স্বর্ণের জুয়েলারির মজুরীর ওপর ৫০% ডিসকাউন্ট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)