ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত দ্বি-বার্ষিক কমিটির (২০২১-২০২৩) শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের বড়বাজার বাস-মিনিবাস মালিক গ্রুপ কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাড. তালিম হোসেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি পদে মো. সালাহউদ্দীন, সিনিয়র সহসভাপতি পদে আবু বক্কর ছিদ্দীক, সহসভাপতি পদে হাজী আব্দুল খালেক বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে হাজী আবুল কালাম, যুগ্ম সম্পাদক পদে বদর উদ্দীন খাঁন, সাংগঠনিক সম্পাদক পদে আমীর খসরু, কোষাধ্যক্ষ পদে হাজী আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য পদে আরশাদ উদ্দীন আহম্মদ, ওয়ালিউর রহমান পাভেল, লাল মিয়া ও আলম আলী।
নবনির্বাচিত কমিটির সভাপতি মো. সালাহ উদ্দীন বলেন, বর্তমানে পরিবহনের ব্যবসা নেই বললেই চলে। গাড়ি চলে না। সাধারণ মালিকরা যাতে ব্যবসা করে টাকা পায় সেই চেষ্টা করা হবে। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম বলেন, জেলার বিভিন্ন রোডে পরিবহণের যে সমস্যা ইজিবাইক, নসিমন ও আলমসাধু অবৈধভাবে চলাচল করছে। সেগুলো প্রশাসনের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের নির্বাচনী তফসিল গত ২২ আগষ্ট প্রকাশ করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো ১৫ সেপ্টেম্বর। নির্বাচনের তারিখ ছিলো ৮ অক্টোবর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ কমিটি নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- অ্যাড. মাসুদুর রহমান রানা ও অ্যাড. আসাদুজ্জামান মিল্টন।
