ছবির ক্যাপশন:
গাংনীতে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময়কালে এমপি সাহিদুজ্জামান খোকন
গাংনী অফিস:
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাংনীর পাঁচটি ইউনিয়নেই প্রথমবার প্রার্থী হলেও ক্লিন ইমেজের যোগ্য মানুষ হিসেবেই দল তাদের মনোনীত করেছে। সব ক্ষেত্রেই সাদা মনের মানুষ আলো, আর কালো মনের মানুষ অন্ধকার ছড়ায়। এই নির্বাচনে যারা নিজেদের দলের প্রার্থীদের বিজয়ী হতে সহযোগিতা না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের জন্য আগামী দিন খুবই খারাপ হবে।’ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যে এমন কথা বলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি আরও বলেন, ‘যারা আওয়ামী লীগ দলকে ভালোবাসেন, তারা নৌকার বিজয়ের কথা চিন্তা করবেন। এবার যারা মনোনয়ন পাননি বলে স্বতন্ত্র হয়ে নির্বাচনে প্রতিবন্ধকতা করবেন, আবার মুখে আওয়ামী লীগ বলবেন, আওয়ামী লীগ তা মেনে নেবে না। সামনে সময় আছে, যে সকল নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন তা প্রত্যাহার করুন। দলের নেতা-কর্মীরা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের মাসুল দিতে হবে। দলের স্বার্থে মনের সকল ক্ষোভ, দুঃখ ঝেড়ে ফেলুন। এবার পাননি তাতে কি হয়েছে আগামী দিনের জন্য প্রস্তুতি নিন হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে।’
গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি বলেন, ‘আওয়ামী লীগ আছে বলেই আপনি বুক ফুলিয়ে চলতে পারেন। মানুষ শান্তিতে ঘুমাতে পারে। আওয়ামীলীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক কোনো ব্যাক্তিকে না জেনে মনোনয়ন দেয়না। গাংনী উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহন করতে দলীয় মনোনয়ন চেয়েছিলেন নতুন পুরাতন অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি অনেক যাচাই বাছাই করে তরুন ও পরিষ্কার ইমেজের মানুষকে মনোনয়ন দিয়েছেন। শেখ হাসিনা যাদের মনোনয়ন দিয়েছেন তাদের বিরোধিতা করে লাভ নেই। যারা নৌকা পেয়েছে তারাই যোগ্য মাঝি। এই তরুনদের নিয়ে আমরা একটি সুন্দর ও স্বচ্ছ সুন্দর ইউনিয়ন আশা করবো।’
সব শেষে এমপি বলেন, যাই হোক নেতা-কর্মীরা অতীত দেখে বর্তমান বুঝবে। একটি দুর্নীতি মুক্ত ও মডেল ইউনিয়ন উপহার পেতে ভোটারদের নৌকায় ভোট দেবার অনুরোধ করেন তিনি। এসময় রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-শামসুজ্জামান মঙ্গল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী প্রেসক্লাব আহবায়ক প্রভাষক রমজান আলী, মেহেরপুর প্রেসক্লাব যুগ্মসম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ, সকল সাংবাদিবৃন্দরা উপস্থিত ছিলেন।
