ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনায় ঝাল গাছ খাওয়ায় ছাগল মালিক ডলি খাতুন (৫০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার গড়াইটুটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত ডলিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত ডলি গড়াইটুটি গ্রামের মাঝেরপাড়ার সাইদুর রহমানের স্ত্রী।
আহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ডলির ছাগলে একই গ্রামের কামাল আলীর কপি খেতের সঙ্গে লাগানো দুটি ঝালের গাছ খেয়ে নেয়। এ ঘটনার পরে ডলির সঙ্গে কালাম আলীর স্ত্রীর দেখা হলে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় কালাম আলী সেখানে পৌঁছালে তাঁর স্ত্রীর সঙ্গে মিলে ডলি খাতুনকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে ডলির পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যরা ডলি নামের এক বৃদ্ধাকে জরুরি বিভাগে নিয়ে আসে। পরিবারের সদস্যরা জানিয়েছে কয়েকজন মিলে তাঁকে পিটিয়ে আহত করেছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’
