ছবির ক্যাপশন:
চাষাবাদ প্রকল্পের অবহিতকরণ সভায় ডিসি নজরুল ইসলাম সরকার
নিজস্ব প্রতিবেদক:
‘কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে কৃষি সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। উৎপাদন আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। কৃষকরা সরকারি প্রণোদনাসহ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। কৃষক সংগঠন গড়ে তোলায় উদ্বুদ্ধ করা এবং সংগঠন শক্তিশালী করার জন্য আমি ইতোপূর্বেও সহযোগিতা করেছি। আমি এটা অনুভব করি, কৃষক এবং কৃষি সেবাদানকারীদের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে সুশাসন প্রতিষ্ঠা হবে। কৃষি উন্নয়নে সরকারে যে উদ্যোগ, তা সফল হবে। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আপনারা চাষাবাদ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছেন তার লক্ষ্য ও উদ্দেশ্য খুব সুন্দর। কৃষকদের অধিকার সচেতন করতে হবে এবং কৃষি ও কৃষকের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’
রিসো’র আয়োজনে অনুষ্ঠিত চাষাবাদ প্রকল্পের ‘জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভায়’ এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ)’-এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. আব্দুল মাজেদ।
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ‘রিসো’ সংস্থা বাস্তবায়িত চাষাবাদ প্রকল্পের পরিচিতি সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাস্তবায়নকারি সংস্থা রিসো, দাতা সংস্থা দি এশিয়া ফাউন্ডেশন এবং কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ) এর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন রিসো চাষাবাদ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মশিয়ুর রহমান।
এরপর উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শেফালী খাতুন, কৃষক প্রতিনিধি বায়েজিদ জোয়ার্দ্দার, উপজেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, জেলা কৃষক সমিতির সদস্য আব্দুস সাত্তার, সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াকুব আলী জোয়ার্দ্দার, ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী সাহেদ জামাল প্রমুখ।
অনুষ্ঠানে সুশীল সমাজ, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, এনজিও ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন চাষাবাদ প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার দারুল ইসলাম।
