ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে। এ ঘটনায় গতকাল বুধবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
ইকরামুলের বড় ভাই রবিউল ইসলাম জানান, ইকরামুল প্রতিদিন নিজের ইজিবাইক নিয়ে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ভাড়ায় চালাতো। সর্বশেষ গত মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। রাত ৮টার দিকে বাড়ি না ফিরলে তার সাথে ফোনে যোগাযোগ করা হয়। সেসময় ইকরামুল জানান, তিনি বাড়ি ফিরছেন। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ রয়েছে।
ভাই রবিউল ইসলাম বলেন, রাত ৮টা ৫০ এর দিকে ফোন দিলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। আমরা আমাদের আত্মীয়-স্বজনসহ সকল স্থানে খোঁজাখুঁজি করেছি। আমার ভাইয়ের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং-শ্যামলা, পরনে কালো রংয়ের প্যান্ট ও পাতা রংয়ের গেঞ্জি রয়েছে।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ছেলেটির নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা মোবাইল ট্র্যাকিংসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।
