কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে একজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-10-06 ইং
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে একজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ভুয়া জাল ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ ভূমি অফিস থেকে নাম পত্তন করার অপরাধে আব্দুল হান্নান (৫৭) নামে এক ব্যক্তিকে এক দিনের জেল ও ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল-জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, হেলাই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র আব্দুল হান্নান একটি জাল ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কালীগঞ্জ ভূমি অফিস থেকে তাঁর ভাই ও মাসহ তিনজনের নামে নামপত্তন সম্পন্ন করেন। অভিযুক্ত হান্নান তাঁর মৃত পিতার জমিতে অন্যান্য শরিক আপন ছয় বোনের নাম গোপন রেখে ২০১৭ সালে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মৃত মকছেদ আলীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল সার্টিফিকেট দিয়ে নামপত্তনটি করেছিলেন। কিন্তু এর তিন বছর পর তাঁর শরিকগণ ওই নামপত্তনের কথা জানতে পেরে কালীগঞ্জ ভূমি অফিসে অভিযোগ জানায়। এবং গত ০৯/০৩/২০ইং তারিখে বর্তমান পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ স্বাক্ষরিত মৃত আব্দুল মান্নানের অংশীদার ৯ জন শরীকের নাম দিয়ে একটি ওয়ারেশ কায়েম সার্টিফিকেটও জমা দেয়। ভূপালী সরকার জানান, মৃত আব্দুল মান্নানের ১৭ শতক জমির জন্য দুই মেয়রের স্বাক্ষরিত দুটি ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দেখে তিনি গতকাল মঙ্গলবার তাঁর ভূমি অফিসে শুনানির জন্য বৈঠক ডাকেন। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির পর মেয়র মকছেদ আলী স্বাক্ষরিত ওয়ারেশ কায়েম সার্টিফিকেটটি জাল প্রমাণিত হয়। এসময় তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত করে অভিযুক্ত আব্দুল হান্নানকে এক দিনের জেল ও ৫ শ টাকা জরিমানা করেন। এসময় কালীগঞ্জ থানার এসআই সাগর শিকদারসহ ভূমি অফিসের নায়েবগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)