ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার বেলা একটার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা মন্দির কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমরা এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধসহ সকল ধর্মাবলম্বী ভাই-ভাই। এ সরকারের শাসনামলে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সোহার্দপূর্ণ মনোভাব, আন্তরিকতা ও বন্ধুত্বের কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, শারদীয়া দুর্গোৎসব বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ উৎসব। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা ও জেলা পরিষদের সদস্য আবু মুছা।
জেলা পরিষদের সদস্য তপন পরামানিকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীদ্র নাথ দত্ত, পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালু, বাবু সুশিল কুমার ভৌতিকা, পলাশ আচার্য, বিশ্বজিৎ শাধু খাঁ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার উপজেলার ৩৮টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকের হাতে প্রতি পূজা মণ্ডপের জন্য ৩ হাজার করে মোট ১ লাখ ১৪ হাজার টাকা নগদ প্রদান করেন।
