ছবির ক্যাপশন:
মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা কৃষক লীগের উদ্যোগে দারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দারিয়াপুর গাউছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মাহবুব আলম শান্তি। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হোসেন, জেলা কৃষক লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম ও মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মুজিবনগর উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ রিণ্টু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহা-উ-লিল্লা সোহাগ, দারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মকলেছুর রহমান প্রমুখ। পরে সেখানে সর্বসম্মতিক্রমে মোখলেছুর রহমানকে সভাপতি এবং আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে দারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।
