খাড়াগোদার গোরস্তানের আত্মসাৎ করা ৫০ হাজার টাকা ফেরত দিলেন অভিযুক্ত জামির প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের আ.লীগ নেতা জামির হোসেনের বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের খাড়াগোদা মাঠপাড়া কবরস্থান উন্নয়নে বরাদ্দকৃত ৫০ হাজার টাকা গোপনে আত্মসাতের সংবাদ প্রকাশের পর গোরস্থান কমিটি, মসজিদ কমিটিসহ গ্রামবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকেল ৫টায় খাড়াগোদা ঈদগাঁ ময়দানে গ্রামবাসী মিলে জামির ও আকিবের বিরুদ্ধে একটি সালিশের আয়োজন করে। সালিশে টাকা আত্মসাৎ করার জন্য গ্রামবাসীসহ সকলের কাছে জনসম্মুখে ভুল স্বীকার ও ক্ষমা চান অভিযুক্ত জামির ও আকিব হোসেন। এসময় আত্মসাতের ৫০ হাজার টাকা প্রকাশ্যে গোরস্থান কমিটির সভাপতি রাতুল হাসানের হাতে ফেরত দেন অভিযুক্ত জামির হোসেন ও আকিব। সালিশে আর কোনোদিন এমন ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকার অঙ্গিকারে দুজনকে ছাড় দেয় গ্রামবাসী। এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, খাড়াগোদা গোরস্থান কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ইউপি সদস্য হাফিজুর রহমান, চাঁননবী, ছাইদুর রহমান মোল্ল্যা, মতিয়ার রহমান মতি ও অত্র গ্রামবাসী।
