ছবির ক্যাপশন:
দর্শনার পারকৃষ্ণপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত দর্শনা অফিস: দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে পারকৃষ্ণপুর মাথাভাঙ্গা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় পারকৃষ্ণপুর গ্রামের ৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কালুর দল ও দ্বিতীয় রবির দল এবং তৃতীয় স্থান অধিকার করে ভৈদ-এর দল। প্রতিটি দলের ১০ জন করে নৌকা বাইচ খেলায় অংশ নেন। খেলায় বিজয়ী ১ম দলের জন্য ১৫ হাজার টাকা, ২য় বিজয়ী দলের ৮ হাজার টাকা ও ৩য় বিজয়ী দলের জন্য ৪ হাজার টাকা প্রাইজমানি হিসাবে দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে গ্রামের সমাজসেবক আয়ুব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর। সাংবাদিক হানিফ মণ্ডলের উপস্থাপনায় ও নৌকা বাইচ খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক জিয়াবুল হকের সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার (ওসি, অপারেশন) আবু সাইদ, সেকেন্ড অফিসার আহম্মেদ আলী বিশ্বাস, যুবলীগ নেতা আবু ফয়সাল প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন আলী আহম্মেদ ও সহকারী হিসেবে ছিলেন নজরুল ইসলাম। পুরুস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের খ্যাতনামা টপটেন বাউল শিল্পী দর্শনার কৃতী সন্তান ধীরু বাউল। সার্বিক অনুষ্ঠানে পরিচালনা করেন গোলজার মিয়াসহ অনেকেই।
