ছবির ক্যাপশন:
ঝিনাইদহে বিধবা নারীকে কুপিয়ে জখম ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে সালমা আক্তার (৩৮) নামে বিধবা নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নাটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সালমা ওই গ্রামের মৃত ইয়াকুব্বার শেখের স্ত্রী। বর্তমানে ওই নারী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সালমা আক্তারের বাবা আব্দুল গনি ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসধীন সালমা আক্তার বলেন, ‘আমার স্বামী ৭ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে আমার স্বামীর চাচাতো ভাই রমজান আলী পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। স্বামীর পৈত্রিকসূত্রে পাওয়া জমিতে গাছগাছালি লাগানো ছিল। সম্প্রতি আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে এই সুযোগে জমির সব গাছ কেটে ফেলে। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর চাচাতো ভাই রমজান আলী, ছেলে মাসুদ শেখ ও তাঁর স্ত্রী মিলে মারধর করে ও দা দিয়ে মাথায় কোপ মারে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।’ এ বিষয়ে ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। আমার কাছে আসলে খতিয়ে দেখা হবে।’
