ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাজেদা ফাউন্ডেশন কর্তৃক চলমান আইসিইউ সেবা অব্যহত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা চলমান আইসিইউ রক্ষা কমিটি। আইসিইউ রক্ষা কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা প্রেসকøাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সমাজসেবাবিষয়ক সম্পাদক সেলিমুল হাবিব, আইসিইউ রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা ভারতীয় সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে যখন জেলার সর্বস্তরের মানুষসহ সদর হাসপাতালের করোনা যোদ্ধা ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও কর্মচারীরা বিচলিত, ঠিক তখনই মানবতার দূত হিসেবে আমাদের পাশে সাজেদা ফাউন্ডেশনের আবির্ভাব। তারা সদর হাসপাতালে আইসিইউ প্রতিস্থাপনের মাধ্যমে সেবা দিতে শুরু করে। স্বাস্থ্য ও চিকিৎসাবিদদের বর্তমান অভিমত অনুযায়ী পুনরায় বিশ্বজুড়ে প্রাণঘাতি মহামারি করোনার প্রকোপ আসার সম্ভাবনা একেবারেই অমূলক নয়। যেকোনো সময় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পুনরায় আঘাত হানতে পরে। এ অবস্থায় চুয়াডাঙ্গা জেলা থেকে আইসিইউ সেবা অপসারণ করবে, তা জেলাবাসীর বোধদয় না। যেখানে বাংলাদেশের মধ্যে সর্বশেষ ও জনসংখ্যার দিক থেকে কনিষ্ঠ জেলা মেহেরপুরসহ অন্যান্য জেলায় আপনার সাজেদা ফাউন্ডেশনের আইসিইউ সেবা চলমান থাকছে। তাহলে আমাদের জেলার বেলায় এতো বৈষম্য? চলমান আইসিইউ সেবা চালু না রাখলে কঠোর আন্দোলন করা হবে।’ মানববন্ধন শেষে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
