ছবির ক্যাপশন:
কালীগঞ্জ মুসলিম বেকারিতে যৌথ অভিযান, খাদ্যে ব্যবহৃত
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ জেলা প্রশাসন ও র্যাব-৬ এবং ভোক্তা অধিকারের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে জেলার কালীগঞ্জ শহরের মুসলিম বেকারি থেকে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ তৈরি খাবার উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের গোহাটা রোডের মুসলিম বেকারি থেকে এগুলো উদ্ধার করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউরিয়াসহ অন্যান্য রাসায়নিক দিয়ে খাদ্য-সামগ্রী তৈরি করার অপরাধে বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাস কারাদণ্ড প্রদান করা হয়। পরে এগুলো শহরের চিত্রা নদীতে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহম্মদ শরিফুল ইসলাম, র্যাব ৬-র এসআই তারেক আমান বান্না, ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল ছাড়াও র্যাবের অন্যান্য সদস্যরা।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহম্মদ শরিফুল আহসান জানান, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পান কালীগঞ্জের মুসলিম বেকারিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে পাউরুটি, বিস্কুটসহ অন্যান্য খাদ্য-সামগ্রী তৈরি করে পাইকারি বিক্রি করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বেকারিটিতে অভিযান চালিয়ে খাদ্যে ব্যবহৃত ইউরিয়াসহ অন্যান্য রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদয়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে এগুলো জনসম্মুখে চিত্রা নদীতে ফেলে নষ্ট করা হয়।
