ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের কুড়িপোল গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক মনছুর খুন হয়। হত্যার তিন মাস পেরিয়ে গেলেও আসামিরা রয়েছে অধরা। এদিকে, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বাদীকে প্রতিনিয়ত মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। অন্যদিকে, পুলিশ বলছে আসামিরা পলাতক, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী পরিবারটি খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝিনাইদহ প্রেসক্লাবে গতকাল শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ মে কৃষক মনছুর আহম্মেদকে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে মহারম আলী ও তার দুই ছেলে নুরুন্নবী সজিব, শিহাব উদ্দিন সাকিব ও স্ত্রী কহিনুর বেগম। মারধরে আহত হন মনছুর আলী। প্রথমে তাঁকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শারীরিক অবস্থান অনবতি হলে তাঁকে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মাসুম পারভেজ বাদী হয়ে মহেশপুর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অথচ হত্যার তিন মাস পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। ফলে হত্যাকাণ্ডের সাথে জড়িতরা প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। পরিবারের সকলেই জীবনের নিরাপত্তাহীনতায় আছে।
নিহতের স্ত্রী মাসুমা বেগম বলেন, ‘আজ পর্যন্ত একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করেনি। ইচ্ছে করে করেনি নাকি অন্য কোনো কারণ আছে, তা আমরা বুঝতে পারছি না।’
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মনছুর হত্যায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তারা সবাই এলাকা ছাড়া। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি।’
