ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
অসিম বিশ্বাস নামে এক হতদরিদ্র কৃষকের চারটি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এই চুরি সংঘটিত হয়। ওই কৃষকের এই চারটি গরুই ছিল শেষ সম্বল। গরু চুরির ফলে তিনি এখন পাগলপ্রায়। ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লৌহজংগা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে।
কাঁদতে কাঁদতে অসিম বিশ্বাস জানান, ‘আমার জমি-জাতি কিছু নেই। পরের জমি লিজ নিয়ে চাষ করি। কষ্ট করে চার ডে গরু পালিছিলাম। গরু দুডোর বাছুর হয়েছে। বাছুরগুলো বড় করতিছি। গরু কয়ডা পুষে ভাবছিলাম সংসার টা ভালো মত চালাবো। অনেক কষ্ট করে গরু গুলো গুচইচি। বাছুর দুধ পাবে না বলে দুধ পর্যন্ত দুয়ায়নে। অথচ আমার কষ্টের গরুগুলো সব চুরি করে নিয়ে গেছে ভাই। এর থেকে আমার মৃত্যুও ভালো ছিল’।
গ্রামবাসি জানায়, অসিম মঙ্গলবার রাত ১০ টার দিকে ৪ টি গরু খেতে দিয়ে ঘুমাতে যায়। রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখে গোয়ালে একটা গরুও নেই। গোয়ালের তালা ভেঙে, গরুর গলায় দেওয়া শেকল কেটে গরুগুলো চোর চক্র নিয়ে যায়। ৪ টি গরুর মুল্যে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা বলে কৃষক অসিম জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে।
