খুলনায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ
সমীকরণ প্রতিবেদন:
সম্প্রতি খুলনার শিয়ালী গ্রামের নিরীহ দরিদ্র হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ছয় দফা দাবি জানিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
ছয়দফা দাবিগুলো হলো- ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জনগোষ্ঠির অধিকার, নিরাপত্তাসহ সার্বিক বিষয় তত্ত্বাবধানের জন্য একটি আলাদা বিভাগ অথবা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হোক। হামলা, অত্যাচার, নির্যাতনে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ পুন:নির্মানের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হোক। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নীলমণিগঞ্জ মাধবীতলায় অবস্থিত সতী মায়ের আশ্রম অবৈধ দখলমুক্ত করণের ব্যবস্থা গ্রহণ করা হোক। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামে অবস্থিত শ্রী শ্রী হরিবাসর নাট মন্দিরের কিছু অংশ অবৈধ দখলমুক্ত করণের ব্যবস্থা গ্রহণ করা হোক। ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। অর্পিত সম্পপ্তি তাইন বাতিল করে সংখ্যালঘু সম্প্রদায়ের বৈধ অধিকার পুন:প্রতিষ্ঠা করা হোক।
স্মারকলিপিতে আরও জানানো হয়, খুলনা অঞ্চল ছাড়াও বিগত কিছু দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী অধ্যুষিত এলাকার জনগণের উপর অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত অত্যাচার, নির্যাতন, বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এসব ঘটনায় সারা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জনগোষ্ঠি হতাশ, ক্ষুব্ধ ও ভীতসন্ত্রস্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, নির্যাতনকারী ব্যক্তিবর্গকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে সংখ্যালঘু নির্যাতনের মত মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় এবং যুগ্ম সম্পাদক শুভেন্দু দেবনাথ শান্ত।
