ছবির ক্যাপশন:
জীবননগর সীমান্ত এলাকায় পুকুরের পাড় না বাঁধায় ভাঙছে রাস্তা
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সড়কের পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তি মালিকানাধীন এবং স্কুলের পুকুরের পাড় না বাধায় রাস্তা ভেঙে যাচ্ছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে পুরো রাস্তা।
সরেজমিনে দেখা গেছে, সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। হালকা বৃষ্টিতে রাস্তার ওপর হাঁটু পানি জমে থাকায় জনদুর্ভোগ চরমে। একই স্থানে প্রায় আধা কিলোমিটারজুড়ে কয়েকটি পুকুর ও জলাশয় রয়েছে। ওই জলাশয়গুলোতে মৎস্য চাষিরা মাছ চাষ করছেন। এ পুকুরগুলোর পাড় বাঁধাই করা না থাকায় ভেঙে যাচ্ছে পাশের রাস্তাটি। স্থানীয়ভাবে বাঁশ ও বালুর বস্তা দিয়ে প্রাথমিকভাবে সংস্কার করা হলেও লাভ হচ্ছে না।
গোয়ালপাড়া গ্রামের ফুল মিয়া বলেন, নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাভূমিটি দীর্ঘদিন আগের। জলাভূমিটির পাড় ছিল অনেক বড়। ধীরে ধীরে সেটা ভেঙে গেছে। এখন মেইন রাস্তা ভাঙতে শুরু করেছে, যদি দ্রত সংষ্কার না করা হয়, তাহলে যেকোনো সময় রাস্তাটি ভেঙে পুকুরের মধ্যে চলে যাবে।
একই গ্রামের মিজানুর রহমান বলেন, ‘আমাদের এলাকার বেশ কিছু রাস্তা আছে, যেগুলোতে পানি হলেই চলাচলা করা দায় হয়ে পড়ে। এরপর আবার রাস্তার পাশে মালিকানাধীন পুকুর তৈরি করা হয়েছে। যার কোনো টাই গাইড ওয়াল দেওয়া নেই। যার কারণে রাস্তার অনেকটা পুকুরের মধ্যে ভেঙে গেছে। স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এবং নেতাদের একাধিকবার বলা সত্বেও কোনো ফল হয়নি। পুকুরের পাড় যদি দ্রত না বাধা হয়, তাহলে তিন গ্রামের মানুষের যাতায়াতে চরম বিপাকে পড়তে হবে।’
৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া, নতুনপাড়া, সদর পাড়াসহ ইউনিয়নের যে সমস্থ রাস্তার সমস্যা আছে, সেগুলো আমরা তালিকা তৈরি করেছি সংষ্কারের জন্য, তা ছাড়া নতুনপাড়া এলাকায় কয়েকটি পুকুরের পাড় না বাধায় রাস্তা ভেঙে নষ্ট হচ্ছে। এ বিষয়টি আমি দেখেছি, আশা করি খুব শিগগিরই এর সমাধান করা হবে।
