ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেত্রী খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদকে কেউ অপহরণ করেনি বলে এক হলফনামার মাধ্যমে দাবি করেছেন সোহেলী আহম্মদ। গতকাল বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো ঢাকা নোটারি পাবলিকের একটি হলফনামা আইনজীবীর মাধ্যমে পাঠিয়ে এই দাবি করেন। গত ১২ আগস্ট এমপি কন্যা এই হলফনামা দেন।
ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী মো. মানজুর হোসাইন সাক্ষরিত হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তাঁর সাবেক স্বামী মাদকাসক্ত বিল্লাল হোসেন লিটনকে পাঁচ মাস আগেই তালাক দিয়ে সাজেদুর রহমান পপপুকে বিয়ে করে ঘর সংসার করছেন। ফলে নিজের অপহরণের বিষয়ে তাঁর সাবেক স্বামী ঝিনাইদহ সদর থানায় যে মামলা করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই। তাঁকে অপহরণের কোনো প্রশ্নই ওঠে না। বরং তিনি বর্তমান স্বামী সাজেদুর রহমান পপপুকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছেন।
