ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিধি-নিষেধে পড়ে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ও অনুদান বরাদ্দের দাবিসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বুধবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দিয়েছে পুস্তক ব্যবসায়ীদের সংগঠনটি।
স্মরকলিপিতে সরকারের কাছে তাঁদের দাবির মধ্যে রয়েছে- ১. বাংলাদেশের পুস্তক ব্যবসা খাতের জন্য কমপক্ষে এক হাজার কোটি টাকার সহজ শর্ত ঋণের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা। যা যেকোনো তফসিলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পিকেএসএফ প্রভৃতির মাধ্যমে সমিতির পরামর্শ ও সহযোগিতায় বণ্টন ও প্রদান করা যেতে পারে। ২. প্রায় ২৬ হাজার পুস্তক ব্যবসায়ী পরিবারের জন্য এককালীন অনুদান একশ কোটি টাকা বরাদ্দ প্রদান। যা ৬৪ জেলার জেলা প্রশাসক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে এই অর্থ বিতরণ করা যেতে পারে। ৩. বিভিন্ন স্কুল-কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক ও সৃজনশীল বই ক্রয়ের জন্য পাঁচশ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করা।
স্মারকলিপিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার গ্রহণ করেন। এবং যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মহসিন, কোষাধ্যক্ষ আমির হোসেন বাবু ও সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলামসহ সংগঠনির সদস্যরা। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় ১১১ জন পুস্তক ব্যবসায়ী আছেন। যাঁদের অধীনে প্রায় পাঁচশ কর্মচারী আছেন।
